সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: প্রেস সচিব

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:২৫ পিএম

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই এবং একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মো. শফিকুল আলম। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রা.) এর মাজার জিয়ারত ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

প্রেস সচিব জানান যে রাষ্ট্র সংস্কারের কাজ শেষে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশ এক নতুন গণতান্ত্রিক যুগে পদার্পণ করতে যাচ্ছে।শফিকুল আলম বলেন নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। এমনকি দুর্গম এলাকা ও বিশেষ প্রয়োজনে পোস্টাল ব্যালটের কাজও গুছিয়ে আনা হয়েছে। 

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে সরকার এখন কেবল ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় রয়েছে। বিগত সময়ের মতো ‘রাতের ভোট’ বা জালিয়াতির কোনো সুযোগ এবার থাকবে না এবং বর্তমান সরকার তাদের নিরপেক্ষ কাজের মধ্য দিয়েই তার প্রমাণ দেবে।নির্বাচনপূর্ব গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশে প্রেস সচিব বলেন মূলত সংস্কারের একটি সমষ্টিগত প্যাকেজ হচ্ছে এই গণভোট। রাষ্ট্রব্যবস্থায় যাতে আর কখনো কোনো ‘শাহি দৈত্য দানব’ বা স্বৈরাচারের উদয় না ঘটে সেজন্যই এই সংস্কারগুলো অপরিহার্য। 

তিনি উল্লেখ করেন যে পৃথিবীর বিভিন্ন দেশে গণভোটে সরকার সরাসরি একটি পক্ষের হয়ে প্রচারণা চালায় এবং এই সরকার যেহেতু রাষ্ট্র সংস্কারের পক্ষে তাই তারা জনগণের কাছে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানাচ্ছে। দেশের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন এনে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়াই এই গণভোটের মূল উদ্দেশ্য।

মাজার জিয়ারত শেষে শফিকুল আলম মাজারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন এবং মাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ এবং মাজার কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম খাদেম মিন্টুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রেস সচিবের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে যে কৌতূহল ছিল প্রেস সচিবের এই বক্তব্যের পর তা নতুন মাত্রায় পৌঁছেছে।