জানুয়ারি ২০, ২০২৬, ১১:০০ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে এই গুরুত্বপূর্ণ ব্রিফিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বৈঠকে মূলত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া এবং এর কারিগরি দিকগুলো রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
এই ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন ও ভোট প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন দু’জন করে প্রতিনিধিকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত কারিগরি প্রতিনিধি বৈঠকে অংশ নিতে পারবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সফলভাবে সম্পন্ন করেছে। আজকের এই বৈঠকটি নির্বাচনী প্রস্তুতির একটি অন্যতম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। কমিশনের তথ্য অনুযায়ী, আগামীকাল ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে এবং পরদিন ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
প্রতীক বরাদ্দের পর থেকেই দেশ ও প্রবাসে থাকা নিবন্ধিত ভোটাররা অ্যাপের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। আজকের বৈঠকে এই পুরো প্রক্রিয়াটি যাতে নির্বিঘ্ন ও বিতর্কহীন থাকে, সে বিষয়ে দলগুলোর মতামত ও পরামর্শ গ্রহণ করবে কমিশন। নির্বাচন কমিশন আশা করছে, প্রযুক্তিনির্ভর এই ভোটিং পদ্ধতি প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনে আধুনিকায়নের নতুন এক নজির স্থাপন করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন