রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০৬:৪৪ পিএম

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাই বা দুষ্কৃতকারীদের কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, এবার নির্বাচনকে শতভাগ অবাধ ও স্বচ্ছ করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে প্রতিটি কেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ থাকত।

কিন্তু এবার প্রতিটি সাধারণ কেন্দ্রে কমপক্ষে ৫ জন এবং গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৬ জন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ২ থেকে ৩ জন পুলিশ এবং বাকিরা আনসার সদস্য। 

এছাড়া লাঠিসহ আরও ১০ জন আনসার সদস্য প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে এবার রেকর্ডসংখ্যক প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেশজুড়ে নির্বাচনী দায়িত্ব পালন করবেন।নির্বাচনের আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করা হবে। এছাড়া প্রবাসী ও নির্বাচনী কাজে নিয়োজিতদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের বিশেষ সুবিধা রাখা হয়েছে। 

উপদেষ্টা আরও জানান, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর মোতায়েন দুই পর্বে হবে। দ্বিতীয় পর্বে ভোটকেন্দ্রিক নিরাপত্তার জন্য ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৭ দিন মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে থাকবে বাহিনীগুলো।সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আইজিপি বাহারুল আলমও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এবারের নির্বাচন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি পাবে। তাই কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন না করে পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের এই কঠোর অবস্থান ভোটারদের মনে আস্থার সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।