জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:৩৮ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে ধর্ম ও বর্ণভেদে নয় বরং বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘সরস্বতী পূজা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা এই উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে তার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন যা আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
বাণীতে দেবী সরস্বতীর মাহাত্ম্য তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী হিসেবে আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান।
প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করেন যে সরস্বতী পূজার এই পবিত্র উৎসব আমাদের শিক্ষা ও জ্ঞানকে কেবল ব্যক্তিগত উন্নতির জন্য নয় বরং সমাজের সার্বিক মঙ্গলের জন্য ব্যবহারের অনুপ্রেরণা দেবে। তিনি বলেন আমাদের অর্জিত জ্ঞান দিয়ে যেন আমরা অন্যকে সাহায্য করতে পারি, দুর্বলদের পাশে দাঁড়াতে পারি এবং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সক্ষম হই।প্রধান উপদেষ্টা তার বাণীতে হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বিশ্বাস করেন যে সম্প্রীতির এই সুদৃঢ় বন্ধনই আগামীতে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে সহায়ক হবে। সরস্বতী পূজা উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ উৎসবের প্রস্তুতি চলছে এবং প্রধান উপদেষ্টার এই বাণী হিন্দু সম্প্রদায়ের মাঝে বাড়তি অনুপ্রেরণা যুগিয়েছে। ড. ইউনূস বারবার ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসবেও সকল নাগরিকের সমান অধিকারের বিষয়টি পুনরুল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন