শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:৩০ পিএম

আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন নির্বাচনের ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পিছিয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন। 

এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ মোট তিনবার পরিবর্তন করা হলো।আদালত সূত্রে জানা গেছে, আজ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত দিন ছিল। 

কিন্তু মামলার বর্তমান তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষ করতে না পারায় প্রতিবেদন দাখিল করতে পারেনি। এর প্রেক্ষিতে প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান নতুন তারিখ নির্ধারণের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় অতর্কিত হামলার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

শুরুতে গত ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলেও হাদির মৃত্যুর পর তা হত্যা মামলায় (৩০২ ধারা) রূপান্তর করা হয়। বর্তমানে ডিবি পুলিশের হাত ঘুরে মামলাটির তদন্ত করছে সিআইডি। দেশজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠন নিরবচ্ছিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে।