জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:০৪ পিএম
ঐতিহ্য ও চেতনার ধারা বজায় রাখতে আগামী ১ ফেব্রুয়ারি (রোববার) বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অমর একুশে প্রতীকী বইমেলা’। সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে দিনব্যাপী এই মেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সোমবার একুশে বইমেলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত ভাষা আন্দোলনের চেতনা, শুদ্ধ সাহিত্য চর্চা এবং মুক্তচিন্তার ধারাকে বেগবান করার লক্ষ্যেই এই প্রতীকী মেলার আয়োজন করা হচ্ছে। বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি মেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
আয়োজকরা মনে করছেন, জ্ঞানভিত্তিক ও মননশীল সমাজ গঠনে অমর একুশে বইমেলার যে গুরুত্ব, তা সর্বস্তরের মানুষের কাছে পুনঃপ্রতিষ্ঠা করার একটি সম্মিলিত প্রয়াস হলো এই প্রতীকী আয়োজন।
দেলোয়ার হাসান বলেন, "এটি কেবল একটি মেলা নয়, বরং আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাধ্যম। আমরা চাই লেখক, প্রকাশক, পাঠক এবং শিক্ষার্থীরা এই আয়োজনে শামিল হয়ে একুশের আত্মপরিচয়কে আরও উজ্জ্বল করবেন।
শান্তিপূর্ন ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য একুশে বইমেলা সংগ্রাম পরিষদ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছে। উল্লেখ্য যে, প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকে মাসব্যাপী বইমেলা শুরু হলেও, বিশেষ প্রেক্ষাপটে এবার এই প্রতীকী আয়োজনের ডাক দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন