সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এখনো চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়: ইসি সানাউল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ১০:২০ পিএম

এখনো চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়: ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার ও নিরাপত্তার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন।

জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া এবং মাঠপর্যায়ের অবৈধ অস্ত্রের মধ্যে এখনো চার শতাধিক পিস্তল উদ্ধার করা সম্ভব হয়নি। এটি আমাদের জন্য বড় একটি দুশ্চিন্তার কারণ। তবে তিনি আশ্বস্ত করেন যে, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে, যা স্বস্তিদায়ক।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বাহিনীর ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন যে, চেকপয়েন্ট অপারেশনগুলো শহর ও গ্রামাঞ্চলে ‘র‍্যান্ডমলি’ (এলোমেলোভাবে) পরিচালনা করতে হবে। 

সন্ত্রাসীরা যেন এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে নিরাপদ বোধ না করে, তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া আনসার বাহিনীর প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে তিনি বলেন, “বিগত নির্বাচনগুলোর একটি বড় চ্যালেঞ্জ ছিল ভুয়া পোশাকে দায়িত্ব পালন। তাই এবার কোনো ভুয়া লোক যেন আনসারের ড্রেস পরে কেন্দ্রে দাঁড়াতে না পারে, সেদিকে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।

সভায় তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন যে, নির্বাচনে কোনো প্রকার প্রভাব বিস্তার বা বিশৃঙ্খলা প্রমাণিত হলে কেবল ভোটকেন্দ্র নয়, প্রয়োজনে ওই আসনের পুরো ভোটগ্রহণ স্থগিত করা হবে। কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার সানাউল্লাহ ভোটকেন্দ্রগুলোকে শতভাগ সিসিটিভি নজরদারির আওতায় রাখা এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন।