ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:২০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায়, তবে তার অবস্থা খুব খারাপ হবে।’ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের এক সভায় তিনি এসব কথা বলেন।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইসি সানাউল্লাহ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনে কোনো লুকোছাপা চলবে না।
সবকিছু খোলামেলাভাবে করতে হবে এবং মিডিয়াকে কাজ করার সুযোগ করে দিতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি আরও যোগ করেন যে, নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন বর্তমানে ইতিহাসের সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে।
ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে কোনো ছোট দল, বড় দল বা হেভিওয়েট-লাইটওয়েট প্রার্থী বলে কিছু নেই। আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে। নির্দেশনার পরেও যদি কেউ পক্ষপাতিত্ব করেন এবং তা প্রমাণিত হয়, তবে কমিশন তার বিরুদ্ধে অত্যন্ত কঠিন পদক্ষেপ নেবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়ে ইসি সানাউল্লাহ বলেন, মাঠ পর্যায়ে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ ও অন্যান্য বাহিনীকে শুধু বল প্রয়োগ নয়, বরং কৌশলী ও মধ্যপন্থা অবলম্বন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন তিনি। সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যাদের নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন