রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে ভূমিকম্প অনুভূত

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:০৯ পিএম

দেশে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে।

ইএমএসসির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের ২০ দশমিক ৪৮৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩ দশমিক ৯৫৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের প্রায় ৫৭ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। 

ভৌগোলিকভাবে কেন্দ্রস্থলটি মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মিয়ানমারে উৎপন্ন এই কম্পনটি সীমান্তবর্তী হওয়ায় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে বেশ প্রকটভাবে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের ফলে বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানীর বহুতল ভবনের বাসিন্দারাও বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন অনুভব করেন। তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বা মিয়ানমারের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া ও ভূ-তাত্ত্বিক বিশেষজ্ঞরা পরবর্তী সম্ভাব্য পরাঘাত বা আফটারশক (Aftershock) নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।