বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নির্বাচনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:০৮ পিএম

নির্বাচনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশজুড়ে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্ত এসব ম্যাজিস্ট্রেট আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে সক্রিয় থাকবেন। তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমগুলোকে আইনগত দিক-নির্দেশনা দেবেন। 

মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ধারা ৫ অনুযায়ী, ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত তারা সংশ্লিষ্ট এলাকায় যেকোনো নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচার ও শাস্তি প্রদানের ক্ষমতা রাখবেন।

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) কাছে যোগদান করতে বলা হয়েছে। এর আগে তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। জেলা ম্যাজিস্ট্রেটরা তাঁদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন এবং কর্ম এলাকা নির্ধারণ করে দেবেন। 

দায়িত্ব পালনকালে প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতেই এই বিশাল সংখ্যক ম্যাজিস্ট্রেটকে রাজপথে নামানো হচ্ছে।তালিকা দেখুন।