রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:১১ এএম

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এক কঠোর ঘোষণায় জানিয়েছেন যে নির্বাচনের পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয় তবে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। 

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাবের স্পষ্ট করে বলেন যে তারা কোনোভাবেই নির্বাচন পেছানোর পক্ষে নন এবং ১২ ফেব্রুয়ারিই ভোট হতে হবে। তবে ভোটের পর নির্বাচিত প্রতিনিধিদের অবশ্যই এই খুনের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠাতে চেয়েছিলেন। তাদের দাবি ছিল হাদি হত্যাকাণ্ডের তদন্ত যেন সরাসরি জাতিসংঘের অধীনে পরিচালিত হয়। 

কিন্তু যমুনা অভিমুখে যাত্রার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর চড়াও হয়। জাবের জানান যে পুলিশি হামলায় তাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন এবং অনেককে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড দিয়ে আঘাত করা হয়েছে। নারী আন্দোলনকারীদের ওপরও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তিনি। সংবাদ সম্মেলনে দাবি করা হয় যে ঐদিন অনেক পুলিশ সদস্য মাস্ক ও হেলমেট পরে ছিলেন এবং অনেকের পোশাকে কোনো নামফলক ছিল না যা পুরো বিষয়টিকে রহস্যজনক করে তুলেছে।ঘটনার পর থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল এবং শাহবাগ এলাকায় দফায় দফায় বিক্ষোভ করেছেন। 

জাবের জানান যে সরকার আগে মৌখিকভাবে জাতিসংঘের মাধ্যমে তদন্তের প্রতিশ্রুতি দিলেও কোনো সুনির্দিষ্ট সময় দেয়নি। তবে সাম্প্রতিক চাপের মুখে আগামী ৮ তারিখের মধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরে চিঠি পাঠানোর কথা বলা হয়েছে। ইনকিলাব মঞ্চের অবস্থান স্পষ্ট যে তারা শুধু রাজপথের হামলাকারী নয় বরং এই হত্যার নেপথ্যের কারিগর ও আশ্রয়দাতাদেরও কাঠগড়ায় দাঁড় করাতে চায়। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই হত্যার নিরপেক্ষ বিচার শুরু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন আন্দোলনকারী নেতারা।