সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনে নারীর নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৪৯ পিএম

নির্বাচনে নারীর নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নারী ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে জাতিসংঘ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘ বাংলাদেশ কার্যালয় দেশের সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। 

সংস্থাটি পুনর্ব্যক্ত করেছে যে, নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার এবং এটি রক্ষায় কোনো ছাড় দেওয়া যাবে না।জাতিসংঘের বিজ্ঞপ্তিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সমাজের পিছিয়ে পড়া ও ঝুঁকিপূর্ণ নারীদের ওপর। 

প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষেরা যাতে কোনো প্রকার বাধা বা বৈষম্য ছাড়াই ভোট দিতে পারেন, তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। তবে জাতিসংঘের মূল উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ডিজিটাল মাধ্যমে নারীদের ওপর সহিংসতা। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে অনলাইন হয়রানি নিয়ে অভিযোগ করেছে।রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারী নারীরা বর্তমানে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি, ছবি বিকৃত করা এবং যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা বাড়ছে, যা নারীর রাজনৈতিক অংশগ্রহণে বড় বাধা। জাতিসংঘ এসব অপতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) নারীদের অংশগ্রহণ বাড়াতে কারিগরি সহায়তা প্রদান করছে বলে জানিয়েছে।

জাতিসংঘ সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো প্রকার হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি দেখানো না হয়। নারী প্রার্থী ও ভোটাররা যেন প্রতিশোধের আশঙ্কা ছাড়াই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তা, আইনের শাসন এবং প্রতিটি ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘ সবসময় বাংলাদেশ সরকারের পাশে থেকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক মহলও আশা করছে, কালকের নির্বাচনে নারীদের উপস্থিতি হবে স্বতঃস্ফূর্ত এবং ভয়হীন।