ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:৪৯ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইসির জন-সংযোগ পরিচালক এই তথ্য নিশ্চিত করেন। সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হার নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে যে বর্তমানে প্রাপ্ত ভোটের এই হার ৫৯.৪৪ শতাংশেই স্থিতিশীল রয়েছে। যদিও কিছু বিচ্ছিন্ন ও প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্র থেকে চূড়ান্ত হিসাব আসা এখনও বাকি তবে তাতে সামগ্রিক হারের খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
কমিশনের কর্মকর্তারা বলছেন এবারের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।বিশেষ বিষয় হলো গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের ত্রয়োদশ নির্বাচনে ভোটের হার প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইসির মতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নির্বাচন কমিশনের ব্যাপক প্রশাসনিক প্রস্তুতির কারণে সাধারণ মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পেরেছেন। ভোটার উপস্থিতি বাড়ার পেছনে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তা বড় ভূমিকা রেখেছে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে শীঘ্রই কেন্দ্রভিত্তিক ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান এবং বিস্তারিত ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে ভোটারদের এই বিপুল অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের ৩০০টি সংসদীয় আসনেই ভোটের এই গড় হার সামগ্রিকভাবে গ্রহণযোগ্য বলে ইসি মনে করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন