রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:২৫ পিএম

ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

প্রধান উপদেষ্টার ধন্যবাদ পত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠনমূলক ভূমিকা এবং ফলাফল পরবর্তী রাজনৈতিক শিষ্টাচারের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার ১৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি সরাসরি জামায়াত আমীরের হাতে এই চিঠি হস্তান্তর করেন। 

চিঠিতে ড. ইউনূস নির্বাচনে জামায়াতে ইসলামীর সক্রিয় অংশগ্রহণ এবং নির্বাচনের ফলাফলকে অত্যন্ত শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আমীরের নেতৃত্বের প্রশংসা করেন। 

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে নির্বাচনী প্রচার থেকে শুরু করে ফলাফল ঘোষণা পরবর্তী সময় পর্যন্ত ডা. শফিকুর রহমানের দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি তার শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের স্থিতিশীলতা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে। চিঠিতে আরও বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন ও পরামর্শ প্রদান করেছে তা অত্যন্ত ইতিবাচক ছিল। 

ড. মুহাম্মদ ইউনূস বর্তমান সময়কে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি শক্তিশালী ও নীতিনিষ্ঠ বিরোধী শক্তি হিসেবে সংসদে সক্রিয় থাকবে এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করবে। 

জাতীয় ঐক্যকে দেশের মূল শক্তি হিসেবে অভিহিত করে প্রধান উপদেষ্টা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। চিঠির শেষে তিনি ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রধান উপদেষ্টার এই চিঠি দেশের আগামী দিনের রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির ক্ষেত্রে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।