ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:৩৭ পিএম
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ও পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলোতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাজ্য। দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) এক মুখপাত্র সাম্প্রতিক এক বিবৃতিতে এই আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিটিশ সরকার আশা প্রকাশ করেছে যে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকার বাংলাদেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ধারাকে আরও বেগবান করবে।
যুক্তরাজ্যের পক্ষ থেকে গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানানো হয়েছে। একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল আসায় সন্তোষ প্রকাশ করে ব্রিটিশ সরকারের ওই কর্মকর্তা বলেন, “এটি বাংলাদেশের লক্ষ্য এবং জনগণের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এর আগে নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানায় যুক্তরাজ্য। একই সঙ্গে একটি নতুন গণতান্ত্রিক অধ্যায়ে পদার্পণ করায় বাংলাদেশের সাধারণ মানুষকেও শুভেচ্ছা জানিয়েছে তারা।ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন গত শুক্রবার এক বিশেষ বার্তায় জানায় যে, অভিন্ন লক্ষ্যগুলো অর্জনে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে আগ্রহী।
বিশেষ করে রোহিঙ্গা সংকট মোকাবিলা, বাণিজ্য সম্প্রসারণ এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। লন্ডনের এই ইতিবাচক অবস্থান নতুন সরকারের জন্য আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় সহায়ক হিসেবে কাজ করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন