ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৬:৫৪ পিএম
তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো নির্বাচিত এই সংসদ সদস্য বিএনপির অন্যতম প্রভাবশালী ভাইস চেয়ারম্যান।
ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ও সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেওয়া কায়কোবাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
১৯৫৬ সালের ২০ ফেব্রুয়ারি মুরাদনগরের এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তাঁর পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় প্রেক্ষাপট অত্যন্ত শক্তিশালী, কারণ তাঁর দাদা ছিলেন বিখ্যাত দারুল উলূম দেওবন্দের শিক্ষক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু চড়াই-উতরাই পেরিয়ে বর্তমান অবস্থানে এসেছেন।
১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৮ এবং ১৯৯৬ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখযোগ্য যে, ১৯৯০ সালের মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিনি হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের ধর্মমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন।পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন এবং দলীয় প্রতীকে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করেন। ২০০৯ সাল থেকে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় তাঁর প্রিয় মুরাদনগর আসন থেকে ধানের শীষ প্রতীকে ষষ্ঠবারের মতো জয়ী হন। দীর্ঘ বিরতির পর আবারও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রাষ্ট্রীয় কাজে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে আলেম-ওলামাদের সাথে সুসম্পর্ক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তাঁর পূর্বের অভিজ্ঞতা নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে। শপথ গ্রহণের পর কায়কোবাদ তাঁর নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন