ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৫৯ পিএম
অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আরও একদিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী মেলা শুরু হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। একই সঙ্গে এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন না রাখার ঘোষণা দেওয়া হয়েছে। দীর্ঘদিনের জটিলতা নিরসনে সরকারের সাথে ফলপ্রসূ আলোচনার পর প্রকাশকদের বড় সংগঠন ‘প্রকাশক ঐক্য’ মেলায় অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
রবিবার রাতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মো. মফিদুর রহমান এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজ্ম উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, এবারের মেলা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। প্রকাশনা প্রতিষ্ঠানগুলো তাদের পূর্বনির্ধারিত প্যাভিলিয়ন সরিয়ে নিতে একমত পোষণ করেছে এবং মেলা প্রাঙ্গণে কেবল স্টল বরাদ্দ দেওয়া হবে।
এর আগে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মেলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’। তবে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা মেলায় অংশগ্রহণের কথা জানায়। ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন জানান, তারা মূলত ঈদের পর মেলা আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। তবে বর্তমান সরকার তাদের বেশ কয়েকটি শর্তে ইতিবাচক সাড়া দিয়েছে এবং সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটেই তারা জাতীয় স্বার্থে মেলায় অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা জানান, প্রকাশকদের আর্থিক চাপ কমাতে ইতিমধ্যে স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক এবং বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশসহ অন্য প্রকাশকরা উপস্থিত ছিলেন। এবারের মেলায় প্যাভিলিয়ন না থাকলেও স্টলের বিন্যাসে নতুনত্ব আনা হবে এবং পাঠকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এই সমঝোতার ফলে বইমেলার দীর্ঘ অনিশ্চয়তা কাটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন