শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

নদী রক্ষায় ভারতের সাথে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত: ফরহাদ হোসেন আজাদ

আবু সালেহ মোঃ রায়হান

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:০৫ পিএম

নদী রক্ষায় ভারতের সাথে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত: ফরহাদ হোসেন আজাদ

নদী ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী :ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ময়নামতি চর এলাকায় করতোয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মোট ৫৭টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে ৫৪টির উৎস ও প্রবাহ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে এবং বাকি ৩টি নদী মিয়ানমারের সঙ্গে যুক্ত। এই নদীগুলোর ন্যায্য পানিবণ্টন ও নাব্যতা রক্ষা সরকারের অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এসব নদীর পানিবণ্টন নিশ্চিত করা, নাব্যতা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকার ইতোমধ্যে উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা সম্পন্ন করেছে। বিভিন্ন পর্যায়ে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও কূটনৈতিক আলোচনা নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। 

অতীতের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের নদী ও কৃষি-নির্ভর জনপদের সুরক্ষাকে এই আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি আরও আশা প্রকাশ করেন যে, গঠনমূলক ও টেকনিক্যাল আলোচনার মাধ্যমে শিগগিরই নদী ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতি আসবে। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে রক্ষা করা এবং বাংলাদেশকে মরুকরণ থেকে সুরক্ষা দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। 

বাংলাদেশকে সুজলা-সুফলা ও শস্য-শ্যামলা রূপে টিকিয়ে রাখতে পরিকল্পিত নদী খনন ও পানি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায় এবং দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি করতোয়া নদীর ভাঙন প্রতিরোধে গৃহীত প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।