ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:২৫ পিএম
অমর একুশে বইমেলা ২০২৬-এর তৃতীয় দিনে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ও দেশপ্রেম ছড়িয়ে দিতে এক বিশেষ সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল থেকে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একুশ, দেশাত্মবোধক ও গণজাগরণের গানের এই প্রতিযোগিতা শুরু হয়।
আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিশু-কিশোর শিল্পীরা তাদের কণ্ঠের জাদুতে ভাষা শহীদদের স্মৃতি ও দেশের প্রতি গভীর মমত্ববোধ ফুটিয়ে তুলেছে।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। উদ্বোধনকালে তিনি শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। সাংস্কৃতিক এই আয়োজনে অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শক সারিতেও ছিল দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমী মানুষের উপচে পড়া ভিড়।
পুরো মিলনায়তন জুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে যা মেলায় আগত বইপ্রেমীদের মাঝেও বাড়তি উৎসাহ জুগিয়েছে।আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতা তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছে। ক বিভাগে আট বছর পর্যন্ত বয়সের মোট ৮২ জন শিশু অংশগ্রহণ করে তাদের পছন্দের গান পরিবেশন করেছে।
খ বিভাগে ৮ থেকে ১২ বছর বয়সের ১৮৩ জন প্রতিযোগী একুশের গান, দেশাত্মবোধক গান ও গণজাগরণের গান পরিবেশন করছে। সবশেষ গ বিভাগে ১২ থেকে ১৫ বছর বয়সের ৮১ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করেছে। প্রতিটি বিভাগেই প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে যা দেশপ্রেমের গান ও সাংস্কৃতিক চেতনার প্রতি নতুন প্রজন্মের আগ্রহকে প্রতিফলিত করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন