ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:৫৯ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওইদিন থেকে ১২ মার্চ পরবর্তী এবং ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার সকাল থেকেই কাউন্টার এবং অনলাইন—উভয় মাধ্যমেই একযোগে টিকিট বিক্রি শুরু হবে। আধুনিক প্রযুক্তির সুবিধা ব্যবহার করে যাত্রীরা ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে তাদের পছন্দের বাস ও আসন নির্বাচন করতে পারবেন।
যারা সশরীরে টিকিট সংগ্রহ করতে চান, তারা বিভিন্ন বাস টার্মিনালের নির্দিষ্ট কাউন্টারে গিয়ে অগ্রিম টিকিট কাটতে পারবেন।সভায় উপস্থিত পরিবহন মালিকরা জানান, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রতিবছরই ওঠে। তবে এবার বাড়তি ভাড়া না নিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও নেওয়া হবে।সাধারণত ঈদের সপ্তাহখানেক আগে থেকেই শুরু হয় নাড়ির টানে বাড়ি ফেরা।
বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রুটগুলোতে টিকিটের ব্যাপক চাহিদা থাকে। এই চাপ সামলাতে এবং কালোবাজারি রুখতে অনলাইনে টিকিটের কোটা এবার বাড়ানো হতে পারে বলে আভাস পাওয়া গেছে। প্রতি বছরের মতো এবারও অগ্রিম টিকিট বিক্রির শুরুর দিনে টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন