মার্চ ৪, ২০২৬, ১২:৪৬ পিএম
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের স্বদেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুইটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট দেশের সিভিল এভিয়েশনসহ আমেরিকা ও দুবাই কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর এই ফ্লাইটগুলো পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ এই ফ্লাইটে সাধারণ প্রবাসী যাত্রীদের পাশাপাশি দুবাইয়ে আটকা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদেরও ফিরিয়ে আনা হবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম বিশেষ ফ্লাইটটি আজ বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবে। ফিরতি ফ্লাইটটি দুবাইয়ের স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
এরপর আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে উড্ডয়ন করবে এবং সেটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। প্রবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া নাগরিকদের দেশে ফেরার চাহিদা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। প্রবাসীদের সুবিধার্থে বিমানবন্দরের সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে দুবাইয়ে আটকা পড়া কয়েকশ বাংলাদেশি নাগরিক স্বস্তিতে দেশে ফেরার সুযোগ পাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন