রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ০৫:০৮ পিএম

ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যালয়ে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও কার্যালয়ে উপস্থিত থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ সম্পন্ন করেছেন। শনিবার দুপুর ১২টায় তিনি রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন এবং দিনভর ব্যস্ত সময় পার করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি ছিল তার টানা তৃতীয় শনিবারের অফিস। সরকার প্রধানের এই কর্মব্যস্ততার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি। 

প্রধানমন্ত্রীর এই উপস্থিতিতে কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও উপদেষ্টারাও স্ব-স্ব দপ্তরে উপস্থিত থেকে দাপ্তরিক দায়িত্ব পালন করেন।কার্যালয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনায় অংশ নেন। দুপুরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। 

এ সময় পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পাটের বাজার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী পাটের সোনালী অতীত ফিরিয়ে আনতে গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

এরপর দুপুর আড়াইটায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি খাতের ব্যয় সংকোচন এবং কার্যকর জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর এই কর্মব্যস্ত দিনে তার সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন। 

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল রাখতেই প্রধানমন্ত্রী ছুটির দিনেও নিয়মিত অফিস করছেন।