মার্চ ৮, ২০২৬, ০৮:১৬ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে কলকাতার বিধাননগর আদালত। আজ রোববার তাদের আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ প্রদান করেন।
এর আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর ৩৭ বছর বয়সী রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার ৩৪ বছর বয়সী আলমগীর হোসেন। এসটিএফ সূত্রে জানা গেছে যে এই দুই অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
গত কয়েক মাস ধরে তারা ভারতের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকলেও সর্বশেষ বনগাঁয় অবস্থান করছিলেন। সেখান থেকে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় তারা পুলিশের হাতে ধরা পড়েন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর দুজনেই ওসমান হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেছে এসটিএফ।
তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার মূল রহস্য ও নেপথ্যের কারণ উদ্ঘাটন করতে পুলিশ তাদের হেফাজতে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করতে চায়। উল্লেখ্য যে রাজধানী ঢাকার পল্টনে মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার পর থেকেই এই আসামিরা পলাতক ছিলেন এবং বাংলাদেশ সরকার তাদের গ্রেপ্তারে বড় অংকের পুরস্কার ঘোষণা করেছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন