মার্চ ১২, ২০২৬, ০৪:৫১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেছেন। বৃহস্পতিবার ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন যে, তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। রাষ্ট্রপতির এই বক্তব্য সংসদ অধিবেশনে এক ভিন্ন মাত্রার যোগ করেছে।
নিজের দীর্ঘ ভাষণে রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই একটি ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হয়েছে।
এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণে অন্তর্বর্তীকালীন সরকার যেসব কার্যক্রম গ্রহণ করেছে, সেগুলোর বিস্তারিত বিবরণ দেন তিনি। বর্তমান সরকারের গৃহিত জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে দেশে নারী ক্ষমতায়নের নতুন পথ উন্মোচিত হয়েছে।
দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বৈশ্বিক সংকট নিয়েও রাষ্ট্রপতি আলোকপাত করেন। তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে অস্থিরতা চলছে, তার প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কেও কথা বলেন তিনি। কৃষি ও অর্থনীতির সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার আরও কার্যকরী পদক্ষেপ নেবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির এই ভাষণ চলাকালে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষ করে সংসদ থেকে কিছু সদস্যের ওয়াক আউটের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে রাষ্ট্রপতি তার বক্তব্যে জাতীয় ঐক্য এবং সংস্কার প্রক্রিয়ার ওপরই বেশি গুরুত্ব দেন। তিনি বিশ্বাস করেন, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ পুনরায় সুশাসনের পথে ফিরে আসবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন