মার্চ ১৫, ২০২৬, ১০:৩৬ এএম
অমর একুশে বইমেলা ২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে আজ। রবিবার মেলার সমাপনী দিনে সাধারণ পাঠকদের জন্য মেলা প্রাঙ্গণ দুপুর ২টায় উন্মুক্ত করা হবে এবং তা চলবে রাত ৯টা পর্যন্ত। দীর্ঘ এক মাসের এই জ্ঞান ও সাহিত্যের উৎসবের শেষ দিনে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বরে বইপ্রেমীদের বড় ধরনের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
বিকেলেই আয়োজিত হবে মেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান যেখানে পুরো মেলার প্রাপ্তি ও সাফল্য নিয়ে প্রতিবেদন পেশ করা হবে।মেলার সমাপনী অনুষ্ঠানের সূচি অনুযায়ী বিকেল ৩টায় আলোচনা সভা শুরু হবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
এবারের বইমেলার বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবেন অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্য সচিব ড. মো. সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং শুভেচ্ছা বক্তৃতা করবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।প্রতিবারের মতো সমাপনী দিনে গুণীজন ও প্রকাশনা সংস্থাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার।
এছাড়া নান্দনিক অঙ্গসজ্জার জন্য দেওয়া হবে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার। এই পুরস্কারগুলো মূলত মেলার গুণগত মান ও সৃজনশীলতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রদান করা হয়। শেষ দিনে মেলা প্রাঙ্গণে নতুন বইয়ের শেষ মুহূর্তের কাটতি এবং পাঠকদের বিদায়ি আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আজকের পর মেলা প্রাঙ্গণের এই চিরচেনা কোলাহল স্তিমিত হয়ে গেলেও পাঠকদের সংগ্রহে থাকা নতুন বইগুলোই হবে এবারের মেলার সার্থকতা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন