মার্চ ১৬, ২০২৬, ০৩:৫৫ পিএম
দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে আজ সোমবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থেকে সমসাময়িক বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান ও চূড়ান্ত সিদ্ধান্ত গণমাধ্যমকে অবহিত করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে এই ব্রিফিংয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে যে এই সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের স্কুলগুলোতে দীর্ঘদিনের প্রচলিত লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের ঘোষণা আসতে পারে।
অনেকদিন ধরেই অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে দাবি তোলা হচ্ছিল যে লটারি পদ্ধতিতে শিক্ষার্থীর মেধার সঠিক মূল্যায়ন সম্ভব হচ্ছে না। মেধার ভিত্তিতে পুনরায় প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে সরকার দীর্ঘদিন ধরে পর্যালোচনা করছিল।
আজকের ব্রিফিংয়ে এই ভর্তি প্রক্রিয়ার নতুন রূপরেখা ও বাস্তবায়নের সময়সূচি ঘোষণা করা হতে পারে বলে জোরালো সম্ভাবনা রয়েছে।একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্য থাকা উপাচার্য বা ভিসি পদে নতুন নিয়োগের বিষয়টিও আজকের সংবাদ সম্মেলনে চূড়ান্ত করা হবে।
এই শীর্ষ প্রশাসনিক পদগুলোতে কারা স্থলাভিষিক্ত হচ্ছেন সেই নামগুলো আনুষ্ঠানিকভাবে আজই জানানো হতে পারে। উল্লেখ্য যে আজ সকালেই ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা প্রশাসনে চলমান এই পরিবর্তনের মধ্যে উপাচার্য নিয়োগের বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রমে নতুন গতি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন