রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চার দিনের রাষ্ট্রীয় সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জাতীয় ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০১:৫৯ পিএম

চার দিনের রাষ্ট্রীয় সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাবনায় রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে তাঁর নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। শনিবার দুপুরে তিনি হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সেখানে পৌঁছালে তাঁকে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। 

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটিই রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা সফর।স্টেডিয়ামে অভ্যর্থনা শেষে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে পৌঁছান। সেখানে তাঁকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। 

এরপর তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৯ মার্চ রবিবার বেলা ১১টার দিকে তিনি পাবনা সদর গোরস্তান আরিফপুরে গিয়ে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। ওইদিন সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। পরবর্তী দিনগুলোতেও রাষ্ট্রপতির বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে ৩০ মার্চ সোমবার সকালে সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন এবং সন্ধ্যায় পাবনা শহরে তাঁর নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

সফরের শেষ দিন ৩১ মার্চ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি সার্কিট হাউসে পুনরায় গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর দুপুর ১২টার দিকে পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি ঢাকার বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পাবনার রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।