মার্চ ৩১, ২০২৬, ১২:৫৫ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচলিত সশরীরে ক্লাসের পাশাপাশি এখন থেকে অনলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি চূড়ান্ত প্রস্তাব পেশ করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী জানান যে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার একটি প্রাথমিক পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষ করে বড় শহর তথা মেট্রোপলিটন এলাকাগুলোতে ট্রাফিক জ্যাম কমানো এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অনলাইন ক্লাসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তার মতে সশরীরে ও অনলাইন—এই দুই পদ্ধতির সমন্বয়ে একটি ‘ব্লেন্ডিং সিস্টেম’ গড়ে তোলার চিন্তা করছে মন্ত্রণালয়। এর আগে পবিত্র রমজানের ছুটি এবং বিভিন্ন আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সপ্তাহে ৬ দিন পাঠদান কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।এ বিষয়ে একটি বিশেষ জরিপের তথ্য উল্লেখ করে মন্ত্রী জানান যে দেশের প্রায় ৫৫ শতাংশ মানুষ এখন অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছেন। তবে শিক্ষার্থীদের সামাজিকীকরণের প্রয়োজনীয়তা মাথায় রেখে সরকার এখনই পুরোপুরি অনলাইন নির্ভর হতে চাচ্ছে না।
এর পরিবর্তে সশরীরে উপস্থিত থেকে ক্লাস এবং ঘরে বসে অনলাইন ক্লাস—এই দুইয়ের একটি সুষম বিন্যাস করার চিন্তা করা হচ্ছে। মেট্রোপলিটন এলাকার স্কুলগুলোর জন্য এই পদ্ধতিটি আপাতত বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।সপ্তাহের ৬ দিনের মধ্যে কতদিন সশরীরে আর কতদিন অনলাইনে ক্লাস হবে তা বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে এ সংক্রান্ত সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা হয়েছে। এছাড়া যানজট নিরসন ও পরিবেশ সুরক্ষায় ইলেকট্রিক, ব্যাটারি এবং সোলার এনার্জি চালিত নতুন ‘বাস সিস্টেম’ চালু করার বিষয়েও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বের সাথে আলোচনা চলছে। শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন যে মন্ত্রিসভার অনুমোদন পেলে দ্রুতই এই নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন