বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করেনি সরকার

জাতীয় ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০৭:৩৮ পিএম

৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করেনি সরকার

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। এরই অংশ হিসেবে স্কুল ও কলেজ পর্যায়ে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার একটি প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় ঢাকা মহানগরীর বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমন্বয় সভায় উপস্থিত অংশীজনরা বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই হাইব্রিড মডেলের ক্লাসের পক্ষে মত দিয়েছেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বা চূড়ান্ত আদেশ জারি করা হয়নি। 

ফলে এখনই এই নিয়ম কার্যকর হচ্ছে না। বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আরও বিশদ পর্যালোচনার পর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।এর আগে খোদ শিক্ষামন্ত্রীও দেশের পাঠদান পদ্ধতিতে এমন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুল ও কলেজ পর্যায়ে অনলাইন এবং সরাসরি ক্লাসের একটি সমন্বয় করার কথা ভাবছে মন্ত্রণালয়।

 মূলত যাতায়াত ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের খরচ কমিয়ে আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। মন্ত্রী আরও জানান যে, এই ব্যবস্থা চালুর আগে শিক্ষার্থীদের পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই পদ্ধতিতে সপ্তাহে মোট ছয় দিনই শিক্ষা কার্যক্রম সচল রাখা হবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে এবং বাকি তিন দিন জুম বা গুগল মিটের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্লাস করবে। 

বর্তমানে এই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক নির্দেশিকা পাওয়ার পরই দেশের সব মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই নতুন রুটিন কার্যকর করবে। আপাতত সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং জনস্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।