রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার

জাতীয় ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৭:৪৬ পিএম

সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার

সভায় বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের গণমাধ্যম মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সাংবাদিকদের জন্য স্থায়ী ওয়েজবোর্ড এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার। বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ফটো সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। 

মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য যখন একটি সুসংহত বেতন কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে, তখনই এই পেশার কর্মীদের প্রকৃত মর্যাদা ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত হবে।

গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী উল্লেখ করেন যে, সংবাদমাধ্যম যদি একটি শিল্প জগৎ হয়ে থাকে, তবে এর নিয়োগ পদ্ধতি অবশ্যই প্রচলিত আইন অনুযায়ী হতে হবে। তিনি মনে করেন, বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার পাশাপাশি কর্মীদের অধিকার নিশ্চিত করাও সমান জরুরি। 

সরকার পর্যায়ক্রমে এমন একটি ব্যবস্থায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে যেখানে সবার অধিকার সুরক্ষিত থাকবে। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন এবং উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।বর্তমান প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এক সময় সাংবাদিকদের হাতে শুধু কলম আর ক্যামেরা থাকত, কিন্তু আজকের আধুনিক ডিভাইসে ক্যামেরা, টেলিভিশন ও কম্পিউটারের কাজ একসঙ্গে হচ্ছে। 

এই গতির সঙ্গে তাল মিলিয়ে ফটো সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জন করা প্রয়োজন। এ লক্ষে তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জন্য একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র বা ইনস্টিটিউট গড়ে তোলার প্রস্তাব দেন। ভবনটি দ্রুত সাংবাদিকদের নিয়ন্ত্রণে এনে সেখানে দক্ষ জনবল তৈরির আধুনিক সুবিধা যুক্ত করার আশ্বাস দেন তিনি।

গণতন্ত্র ও ফ্যাসিবাদের পার্থক্য তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে সবসময় সজাগ থাকতে হবে যাতে সমাজে কোনো প্রকার স্বৈরাচারী মনোভাব দানা বাঁধতে না পারে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে জানান, সরকার গঠনের আগেই প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রী ও এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট বরাদ্দের মতো সুবিধা থেকে দূরে থাকতে বলেছেন। তাঁর মতে, ক্ষমতার এই ত্যাগই প্রমাণ করে যে বর্তমান সরকার দুর্নীতির ভাইরাস থেকে মুক্ত থাকতে বদ্ধপরিকর।

বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জহির উদ্দিন স্বপন বলেন, যারা এক সময় নিজেদের নির্বাচিত দাবি করতেন, ৫ আগস্টের পর তাদের ভয়াবহ পতন ঘটেছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিগত বছরগুলোতে যেসব সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন কিংবা দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। মতবিনিময় সভায় বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতারা ফটো সাংবাদিকদের বিভিন্ন পেশাগত দাবি ও সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।