রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

পুরনো পোশাকেই ফিরছে পুলিশ, বাতিল হচ্ছে নতুন ইউনিফর্ম

জাতীয় ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১০:৩১ এএম

পুরনো পোশাকেই ফিরছে পুলিশ, বাতিল হচ্ছে নতুন ইউনিফর্ম

মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের তীব্র অসন্তোষ এবং জনমনে সমালোচনার মুখে বাংলাদেশ পুলিশের পোশাকে পুনরায় বড় ধরণের পরিবর্তন আনা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রবর্তিত লোহা বা আয়রন রঙের পোশাক বাতিল করে পুনরায় পুরনো ধাঁচের পোশাকেই ফিরে যাচ্ছে বাহিনীটি। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকল মেট্রোপলিটন পুলিশের জন্য হালকা জলপাই রঙ এবং অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল রঙের শার্ট চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এক চিঠির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ্যে এসেছে।

প্রাপ্ত তথ্যমতে, গত ১৫ এপ্রিল পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের পুলিশ ড্রেস রুলে যে পরিবর্তনগুলো আনা হয়েছিল।

তা পুনরায় সংশোধন বা সংযোজন করে নতুন প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন মূলত পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সদস্যদের মানসিকভাবে স্বস্তিতে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।নতুন পোশাক বিন্যাস অনুযায়ী, সকল মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে আগের মতো লোহা রঙের পরিবর্তে হালকা জলপাই শার্ট এবং খাকি টুইল প্যান্ট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ব্যতীত অন্যান্য সকল ইউনিটের জন্য গাঢ় নীল রঙের শার্ট ও খাকি টুইল প্যান্ট চূড়ান্ত করা হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, লোহা রঙের শার্ট এবং কফি রঙের প্যান্ট প্রবর্তনের পর মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ মনোভাব পরিলক্ষিত হয়েছিল, যা বাহিনীর কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছিল।

সাম্প্রতিক সময়ে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে খোদ পুলিশ বাহিনীর ভেতরে এবং বাইরে ব্যাপক বিতর্ক ও সমালোচনা তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা একাধিক নমুনা যাচাই-বাছাই করে পুনরায় এই পুরনো ঘরানার রঙগুলো বেছে নিয়েছেন। চিঠিতে আরও বলা হয়েছে, যেহেতু পুলিশের ইউনিফর্ম প্রাপ্যতার ভিত্তিতে নিয়মিত সরবরাহ করা হয়, তাই রঙের এই পরিবর্তনের ফলে সরকারের ওপর অতিরিক্ত কোনো আর্থিক চাপ বা সংশ্লেষ থাকবে না।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ সদর দপ্তরের এই প্রস্তাবের পর এখন কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির অপেক্ষা। প্রজ্ঞাপন জারি হওয়ার পরপরই নতুন এই ড্রেস কোড অনুযায়ী পোশাক তৈরির কাজ শুরু হবে। দীর্ঘদিনের চেনা পোশাকে ফিরে আসার এই সিদ্ধান্তে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার এবং অপারেশনাল কাজগুলোতে সদস্যদের মনোযোগ বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।