এপ্রিল ২৬, ২০২৬, ০৪:৫৫ পিএম
দেশের প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের রদবদল ঘটিয়ে একযোগে ১৫টি গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক ১৫টি প্রজ্ঞাপন জারি করেছে। এতে অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন অভিজ্ঞ কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালক ও চেয়ারম্যানের মতো সমমানের পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা আনতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশাকে কৃষি বিপণন অধিদপ্তরের প্রধান এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক হিসেবে মো. আব্দুল্লাহ আল-মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনিক এই পরিবর্তনের ধারায় কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে। এছাড়া জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরে খোন্দকার আনোয়ার হোসেন এবং ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডে মো. আসাদুজ্জামানকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন দিল আফরোজ। পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে এ এস এম মুস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থ সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। এছাড়া গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের প্রধান হয়েছেন দেলোয়ার হোসেন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্টার জেনারেল হিসেবে হাসান মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনটি স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষের শীর্ষ পদেও নতুন মুখ এসেছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হয়েছেন মো. আব্দুল হাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে মোহাম্মদ হাবীবুর রহমানকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে ন্যস্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন