এপ্রিল ২৭, ২০২৬, ১১:৫৪ পিএম
দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য অব্যবহৃত সরকারি জমি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থার অধীনে থাকা খালি জমি চিহ্নিত করে বড় আকারে সৌর প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বিশেষ করে রেলওয়ের অব্যবহৃত জমি এবং যমুনা নদীর তীরবর্তী খাস জমিগুলো এই পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এসব প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে লোডশেডিং অবস্থার কিছুটা উন্নতি হবে। ধাপে ধাপে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। তবে ডলার সংকট, জ্বালানি আমদানির উচ্চ ব্যয় এবং বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের বকেয়া পাওনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তিনি উল্লেখ করেন, তেলের আমদানি খরচ ২ বিলিয়ন ডলার বেড়ে গেছে এবং বিদ্যুৎ খাতে এখনও ৫৬ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধ বাকি।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, শিল্প পর্যায়ে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে জমি সংকট সমাধানে নতুন গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। এর আওতায় ১৫ থেকে ২০ বছরের জন্য সরকারি জমি বেসরকারি বিনিয়োগকারীদের ব্যবহারের সুযোগ দেওয়া হবে। ফেনীর সোনাগাজীতে প্রথম পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। এছাড়া বড় প্রকল্পগুলোতে ব্যাংক অর্থায়ন সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তির বিকল্প নেই। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট গ্রিন এনার্জি উৎপাদনের লক্ষ্যে প্রায় ৯ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রয়োজন। তবে সম্প্রতি ৩১টি সৌর প্রকল্পের অনুমোদন বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।
বিনিয়োগ আকর্ষণে কর-সুবিধা ও নীতিগত সহায়তার ওপর জোর দেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনীয় প্রণোদনা দিলে উদ্যোক্তারা এই খাতে বিনিয়োগে আরও আগ্রহী হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন