এপ্রিল ২৮, ২০২৬, ০৩:০১ পিএম
বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস জানান, নির্বাচনে কোনো ধরণের ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তারা পাননি। তবে দেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সংস্থাটির পক্ষ থেকে ১৯টি সুপারিশ করা হয়েছে।
এই সুপারিশগুলোর মধ্যে ছয়টিকে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।ইইউর প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচনে প্রার্থিতা ও অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক দলগুলো যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার প্রতিফলন ভবিষ্যতে দেখা যাবে বলে তারা আশা করছেন। গত বছরের শেষ দিক থেকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোসহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি মিশনের পক্ষ থেকে নির্বাচনের ওপর একটি প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে নির্বাচনের সামগ্রিক পরিবেশ ও সুপারিশগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন