এপ্রিল ২৮, ২০২৬, ০৩:৩৬ পিএম
সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার সার্ভিস যুক্ত করা হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই বাহিনীর বহরে হেলিকপ্টার যুক্ত হলে অতীতের তুলনায় এর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন যে, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া এই বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমানে এটি জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে।
উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নানা বিষয়েও কোস্ট গার্ড কাজ করছে। মন্ত্রী জানান, বাহিনীর নিয়মিত টহলের কারণে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সুন্দরবন রক্ষায় এই বাহিনীর সদস্যরা বিশেষ ভূমিকা পালন করছেন। অনুষ্ঠানে গত এক বছরে সুন্দরবনে পরিচালিত বিভিন্ন সফল অভিযানের চিত্রও তুলে ধরেন তিনি।অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেন, এই বাহিনী সব মহলে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের স্বার্থ রক্ষায় বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি জানান, বিভিন্ন ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাহিনীর ১৬ জন সদস্য প্রাণ দিয়েছেন।জনবলের ঘাটতি নিয়ে মহাপরিচালক বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে এই বাহিনী আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে। দেশের সমুদ্র ও উপকূলীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে কোস্ট গার্ডের আধুনিকায়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন