এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৫৫ পিএম
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বর্তমানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে এসব বিমানবন্দরে নিরাপত্তা সেবা আরও বাড়াতে বাংলাদেশ পুলিশ বিভিন্ন আধুনিক পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে কার্যকর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের একাধিক স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বাহির পথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং বিমানবন্দর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপতৎপরতা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসাথে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ানো হয়েছে। এলাকাগুলোতে চুরি ও ছিনতাই রোধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।প্রযুক্তিগত আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
বিমানবন্দরে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির মাধ্যমে নিষিদ্ধ কোনো বস্তু যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য স্ক্যানিংয়ের যথাযথ ব্যবস্থা রয়েছে। এছাড়া সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিমানবন্দরগুলোতে প্রযুক্তিনির্ভর আধুনিক লাগেজ সিস্টেম, ইমিগ্রেশন কাউন্টার বৃদ্ধি এবং আধুনিক স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়েছে। জনবল বৃদ্ধি ও পুনর্বিন্যাসসহ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া যাত্রী হয়রানি রোধে কঠোর মনিটরিং এবং সহায়তা ডেস্ক চালু করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন