এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৪০ পিএম
জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় নিজের বক্তব্য দেওয়ার সময় বাড়িয়ে নিতে ডেপুটি স্পিকারের নির্বাচনী এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী। বুধবার (২৯ এপ্রিল) অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালের সরঞ্জাম এবং সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাদ্যযন্ত্র ও শিল্পকলা একাডেমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়তি সময় আদায় করে নেন।
বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার জন্য প্রথমে স্বাস্থ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়। আলোচনার জন্য তাকে ৮ মিনিট সময় দেওয়া হয়। ফ্লোর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী তাঁর জন্য নির্ধারিত সময় বাড়ানোর দাবি জানান।
এ সময় তিনি নিজেকে একাত্তরের মুক্তিযোদ্ধা ও কমান্ডার হিসেবে উল্লেখ করে সময়ের বরাদ্দ ডাবল করার অনুরোধ করেন।ডেপুটি স্পিকার তখন রসিকতা করে বলেন, স্বাস্থ্যমন্ত্রী যদি তাঁর থানার দুটি হাসপাতাল সজ্জিত করেন, তবে দুই মিনিট সময় বাড়ানো হবে। জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল তাৎক্ষণিক প্রতিশ্রুতি দেন।
এরপর তাঁর জন্য অনির্ধারিত সময়ের চেয়ে আরও চার মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়।পরবর্তীতে আলোচনার জন্য সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ৮ মিনিট সময় দেওয়া হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পর তিনি স্বাস্থ্যমন্ত্রীর বেশি সময় পাওয়ার বিষয়টি নিয়ে হাস্যরস করেন। তিনি নিজেকে বয়স্ক মানুষ উল্লেখ করে বরাদ্দকৃত সময় নিয়ে বৈষম্যের অভিযোগ তোলেন। তখন সংসদে হাসির রোল পড়ে যায়।
ডেপুটি স্পিকার তখন হাসিমুখে জানান, তাঁর এলাকায় কোনো শিল্পকলা একাডেমি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কিছু নেই। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ওই এলাকায় শিল্পকলা একাডেমি স্থাপন ও বাদ্যযন্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন। মন্ত্রীর এই প্রতিশ্রুতির পর তাঁর বক্তব্য দেওয়ার সময়ও বাড়িয়ে দেওয়া হয়। বুধবারের এই সংসদীয় আলোচনায় দুই মন্ত্রীর এমন কৌশল ও ডেপুটি স্পিকারের সঙ্গে হাস্যরস অধিবেশনে ভিন্নমাত্রা যোগ করে। বর্তমানে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা অব্যাহত রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন