বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

সংসদে দুটি বিল পাস হয়ে গেল, পরে শুরু হলো বিতর্ক

জাতীয় ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৩৮ পিএম

সংসদে দুটি বিল পাস হয়ে গেল, পরে শুরু হলো বিতর্ক

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)—এই দুই নিয়ন্ত্রক সংস্থায় চেয়ারম্যান ও সদস্যদের বয়সসীমা তুলে দিয়ে দুটি বিল পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি পাসের জন্য অধিবেশনে উত্থাপন করেন।

বিল দুটি পাস হয়ে যাওয়ার পর সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় জানান, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে অর্থনৈতিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না। তবে তাঁর এই বক্তব্যের জবাবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মোস্তাকুর রহমানের অপসারণ দাবি করেন বিরোধী দলের সদস্যরা।

সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী প্রথমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল এবং পরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল আলাদাভাবে পাসের জন্য তোলেন। 

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিল দুটির বিষয়ে জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর জন্য নোটিশ দিলেও অন্য কেউ কোনো সংশোধনী প্রস্তাব দেননি। পরে স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে বিল দুটি পাস হয়।বিল দুটি পাস হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন ফ্লোর নিয়ে বলেন, এই নিয়োগে বয়সের বাধ্যবাধকতা তুলে দেওয়া কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মাথায় রেখে করা হচ্ছে কি না। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে বিশেষ কাউকে নিয়োগ দিতে যদি এই আইন করা হয়, তবে তা অর্থনীতির জন্য শুভ হবে না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, যখন এই আইনগুলো হয়েছিল তখন মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর, যা এখন ৭২ বছরে দাঁড়িয়েছে। বিশ্বের প্রায় কোনো দেশেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বয়সের কোনো সীমা নেই। তিনি বলেন, দেশের আগামীর অর্থনীতির নতুন প্রেক্ষাপটে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের যুক্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনার এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সরকারের নেওয়া অনেক সিদ্ধান্তই জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যাচ্ছে। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের প্রসঙ্গ টেনে বলেন, সবকিছুকে রাজনীতিকীকরণ করলে দেশ এগোবে না। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোনো দলীয় ব্যক্তি নন।

পরবর্তীতে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, বর্তমান গভর্নর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের দোহাই দিয়ে গভর্নরের অপসারণ দাবি করেন। তবে অর্থমন্ত্রী বলেন, কোনো দলকে সমর্থন করা মানেই সেই দলের লোক হওয়া নয়।

বিল পাসের মাধ্যমে এখন থেকে বিএসইসি ও আইডিআরএ-র চেয়ারম্যান ও সদস্যদের পদের জন্য সর্বোচ্চ বয়সসীমার বিধানটি বাতিল হয়ে গেল। আগে বিএসইসির ক্ষেত্রে এই বয়সসীমা ছিল ৬৫ বছর এবং আইডিআরএ-র ক্ষেত্রে ছিল ৬৭ বছর।