মে ২, ২০২৬, ০২:০৩ পিএম
দীর্ঘ বিরতির পর আগামী ৬ মে থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা করছে নয়াদিল্লি। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতীয় ভিসা প্রাপ্তিতে গত কয়েক মাস ধরে চলা অচলাবস্থার অবসান ঘটবে। শনিবার (২ মে) ভারতের কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে এই তথ্যের কথা জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই পর্যটক ভিসা পুনরায় চালু হতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত প্রশাসনিক ঘোষণা আসবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে রয়েছে।
ভিসা সংক্রান্ত জটিলতা কাটাতে বর্তমানে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।কংগ্রেস সাংসদ শশী থারুর ওই উচ্চপর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন। জানা গেছে, তিনি দ্রুত দুই দেশের মধ্যকার ভিসা কার্যক্রম ও সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন।
একই সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে দেওয়া একটি প্রতিবেদনের ওপর চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি অনেকটাই নির্ভর করছে।ভারতীয় ভিসা পুনরায় চালুর এই সম্ভাবনার খবরে কলকাতার পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, বাংলাদেশি পর্যটকদের যাতায়াত স্বাভাবিক হলে সীমান্ত সংলগ্ন এলাকার পর্যটন কেন্দ্র ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আবারও ঘুরে দাঁড়াবে।
এর আগে গত ৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। সফরকালে তিনি ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার বিষয়ে একাধিক বৈঠক করেছিলেন। ওই বৈঠকের ধারাবাহিকতায় এবং উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কার্যক্রম শুরু হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন