রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতীয় ভিসা নিয়ে সংসদে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৪:৪১ পিএম

ভারতীয় ভিসা নিয়ে সংসদে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

সংসদে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য ও বন্ধুত্বের ওপর দাঁড়িয়ে আছে। এই সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে ঐতিহাসিক সংযোগ এবং দুদেশের জনগণের মধ্যকার সুদৃঢ় বন্ধন। 

বর্তমান সরকার সার্বভৌম সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে।ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে ড. খলিলুর রহমান জানান, ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজতর করতে সরকার ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে। আলোচনার প্রেক্ষিতে দ্রুতই ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাতীয় স্বার্থ সমুন্নত রেখেই ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানো হচ্ছে বলে তিনি সংসদে জানান।