মে ৪, ২০২৬, ০৭:৩৯ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ফিরতি যাত্রার অগ্রিম টিকিট পাওয়া যাবে ২১ মে থেকে।
রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ মে বিক্রি হবে ২৩ মে’র টিকিট। একইভাবে ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র টিকিট, ১৫ মে মিলবে ২৫ মে’র টিকিট এবং ১৬ মে বিক্রি হবে ২৬ মে’র টিকিট। এ ছাড়াও ১৭ মে পাওয়া যাবে ২৭ মে’র টিকিট।
ফিরতি যাত্রার টিকিট বিক্রির সূচিতে বলা হয়েছে, ২১ মে বিক্রি হবে ৩১ মে’র টিকিট। এরপর ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট পাওয়া যাবে।
টিকিট কেনার ক্ষেত্রে কিছু শর্তারোপ করেছে রেল কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। তবে বিশেষ সতর্কবার্তা হিসেবে জানানো হয়েছে যে, এবার অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না।
[22059[
যাত্রীদের অতিরিক্ত চাপের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছে রেলওয়ে। উচ্চ শ্রেণি ব্যতীত মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার দিন স্টেশনের কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী সাধারণের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন