রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

নাড়ির টানে ট্রেনে ছুটছেন বাড়ি, যাত্রীদের চোখে-মুখে উচ্ছ্বাস

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৩, ২০২৬, ১২:২৩ পিএম

নাড়ির টানে ট্রেনে ছুটছেন বাড়ি, যাত্রীদের চোখে-মুখে উচ্ছ্বাস

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে ট্রেনে বাড়ি ফিরছেন রাজধানীতে বসবাসকারী কর্মজীবী ও সাধারণ মানুষ। শনিবার ঢাকার কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সড়কপথের তুলনায় রেলপথের জার্নি স্বস্তিদায়ক হওয়ায় সিংহভাগ যাত্রী স্টেশনে ভিড় জমাচ্ছেন।

গত শুক্রবারের তুলনায় আজ কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের সামগ্রিক চাপ অনেকটাই বেড়েছে।বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে সাধারণ মানুষের ভিড় সবচেয়ে বেশি, তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। 

সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মূল ছুটি এখনো শুরু না হলেও ঝক্কি এড়াতে অনেকে আগেভাগেই পরিবার ও সন্তানদের দেশের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। অবশ্য সকালে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেসসহ কয়েকটি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে স্টেশন ত্যাগ করেছে। বিলম্ব হলেও নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিয়ে যাত্রীদের মাঝে এক ধরনের স্বস্তি ও উচ্ছ্বাস কাজ করছে।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ দিনব্যাপী মোট ৪৬টি আন্তঃনগর এবং ২৩টি লোকাল মেইল ও কমিউটার ট্রেন ঢাকা ছেড়ে যাবে।এসব ট্রেনে ৪৫ হাজার সিটের যাত্রীর পাশাপাশি স্ট্যান্ডিং টিকিটে আরও ১৫ থেকে ২০ হাজার মানুষ যাতায়াত করতে পারবেন। 

কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে কন্ট্রোল রুম থেকে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে। এবারের ঈদযাত্রায় বড় কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই এবং ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ রোধ করতে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।