রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৬, ১১:৪৩ এএম

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

কমলাপুর রেলস্টেশনের দৃশ্য

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেলস্টেশনে আজ বুধবার সকাল থেকেই ছিল সাধারণ যাত্রীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীচাপ লক্ষ্য করা গেছে।সকাল ১০টা পর্যন্ত মোট ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে।

এর মধ্যে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা বিলম্বে স্টেশন ছাড়ে। অনেক যাত্রী অভিযোগ করেছেন যে টিকিট কেটেও তারা ট্রেনের ভেতরে নিজেদের নির্ধারিত আসন পাননি। 

অতিরিক্ত ভিড়ের কারণে জীবনের ঝুঁকি নিয়ে অনেককে ট্রেনের ছাদে উঠেও ভ্রমণ করতে দেখা গেছে। রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রেনগুলো ধীরগতিতে চালানো হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করে যাত্রী ওঠানামা করাতেও কিছুটা বেশি সময় লাগছে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা সার্বক্ষণিকভাবে চালানো হচ্ছে। 

তবে অতিরিক্ত যাত্রীচাপ ও স্টেশনের বিশৃঙ্খলা এড়ানোর স্বার্থে অনেক ক্ষেত্রে ছাদ থেকে লোকজনকে নামানো সম্ভব হচ্ছে না। দুপুরের পর থেকে যাত্রীচাপ কিছুটা কমে আসবে বলে আশা করছে স্টেশন প্রশাসন।