মে ৫, ২০২৬, ১২:৪৩ পিএম
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক মূল ভূমিকা পালন করবে। মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর এই মন্তব্য করেছেন।ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’-এ অংশ নিতে যাওয়া ২৫ সদস্যের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এই সংবর্ধনার আয়োজন করে।
পল কাপুর জানান, সাম্প্রতিক বিভিন্ন চুক্তির ফলে বাংলাদেশে মার্কিন ব্যবসা ও পণ্য প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান অশুল্ক বাধাগুলো দূর হয়েছে। এর ফলে মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান।
দুই দেশের ক্রমবর্ধমান অংশীদারিত্ব আগামী দিনে দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে দিকনির্দেশক হিসেবে কাজ করবে বলে পল কাপুর তার বক্তব্যে তুলে ধরেন।চলতি মাসের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত ওয়াশিংটনে ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হচ্ছে। এতে ১০০টির বেশি দেশ থেকে প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে ২ হাজার ৭০০ জন বিনিয়োগকারী ব্যবসায়ী রয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া দুই দেশের উচ্চপদস্থ কূটনীতিক ও ব্যবসায়িক নেতারা এতে অংশ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন