রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নিরাপত্তা সহায়তায় বাংলাদেশ পুলিশের সঙ্গে কাজ করতে চায় ইতালি

জাতীয় ডেস্ক

মে ৬, ২০২৬, ০৬:৪৫ পিএম

নিরাপত্তা সহায়তায় বাংলাদেশ পুলিশের সঙ্গে কাজ করতে চায় ইতালি

আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে, অত্যন্ত সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে ইতালির রাষ্ট্রদূত আইজিপি আলী হোসেন ফকিরকে অভিনন্দন জানান।

বৈঠককালে আইজিপি সাইবার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদানে ইতালির সহযোগিতা কামনা করেন। তিনি উভয় দেশের পুলিশ বাহিনীর মধ্যে পেশাদার সমন্বয় জোরদার করাসহ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশ পুলিশের সাথে চলমান প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বিশেষ করে অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার ও চোরাচালান দমনে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারের আগ্রহ প্রকাশ করেন। 

এছাড়া নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশ একে অপরের পাশে থাকবে বলে জানান তিনি।সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই আগামী দিনে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।