সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

পুলিশের পোশাকের রঙে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

জাতীয় ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০৮:১৯ পিএম

পুলিশের পোশাকের রঙে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকের রঙে আবারও বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে গত বৃহস্পতিবার ১৮ জুন এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে দেশের সব পুলিশ সদস্য ও কর্মকর্তাদের জন্য নির্ধারিত নতুন রঙের এই পোশাক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই সরকারি আদেশে পোশাকের এই নতুন রূপরেখা চূড়ান্ত করা হয়।প্রজ্ঞাপনের বিবরণ অনুযায়ী এখন থেকে জেলা ও অন্যান্য বিশেষ ইউনিটের সাধারণ পুলিশ সদস্যদের শার্টের রঙ হবে গাঢ় নীল। এর পাশাপাশি সব মেট্রোপলিটন বা মহানগর পুলিশের শার্টের রঙ হালকা অলিভ বা জলপাই নির্ধারণ করা হয়েছে। তবে ইউনিট নির্বিশেষে দেশের সকল পুলিশ সদস্যদের প্যান্টের রঙ হবে অভিন্ন খাকি।

নতুন এই প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের নির্ধারিত পোশাকেও বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এ ক্ষেত্রে জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ বিশেষায়িত কিছু ইউনিট ছাড়া অন্যান্য সাধারণ ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও ব্লাউজ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে ঢাকা ও চট্টগ্রামসহ সকল মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরিধান করবেন। সেই সাথে নারী পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য মাথার হেড কাভার বা ওড়না অবশ্যই অনুমোদিত গাঢ় নীল রঙের হতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।