রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

জাতীয় ডেস্ক

মে ৭, ২০২৬, ০৪:৪০ পিএম

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও চলতি বছরের দ্বিতীয় অধিবেশন আগামী ৭ জুন শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন। 

আগামী ৭ জুন (রোববার) বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানায়, এটি বর্তমান সংসদের গুরুত্বপূর্ণ একটি অধিবেশন, যেখানে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার সম্ভাবনা রয়েছে। 

সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট অধিবেশন শুরু হয় এবং জুন মাসজুড়ে আলোচনার পর নতুন অর্থবছরের বাজেট পাস করা হয়।এর আগে চলতি বছরের শুরুতে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। 

সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। তবে বাজেট অধিবেশন মূলত নির্দিষ্ট সময়ের মধ্যেই আয়োজন করা হয়।৭ জুন অধিবেশন শুরুর দিনে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও পাস করার পর দিনের নিয়মিত সংসদীয় কার্যক্রম শুরু হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।