শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকে কার্যকর

জাতীয় ডেস্ক

মে ৭, ২০২৬, ০৫:১৮ পিএম

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকে কার্যকর

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করেছে। এবার এক লাফে প্রতি লিটারে প্রায় ২২ টাকা কমানো হয়েছে এই জ্বালানির দাম। বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি দাম কমানোর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আজ রাত ১২টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ২০৫ টাকা ৪৫ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৩৩৮৫ ডলার।

এর আগে গত ৭ এপ্রিল দেশে জেট ফুয়েলের দাম সর্বশেষ সমন্বয় করেছিল বিইআরসি। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল ২২৭ টাকা ৮ পয়সা। অর্থাৎ সে সময়ের তুলনায় বর্তমানে লিটার প্রতি ২১ টাকা ৬৩ পয়সা দাম কমানো হয়েছে। 

একই সঙ্গে গত মাসে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছিল।বিইআরসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে এই মূল্য সমন্বয় করা হয়েছে। মূলত জেট ফুয়েলের দামের ওপর ভিত্তি করেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান ভাড়া নির্ধারিত হয়। ফলে জ্বালানির দাম এই বড় অংকের হ্রাসে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আজ রাত ১২টার পর থেকে দেশের সব বিমানবন্দরে এই নতুন মূল্যে জ্বালানি সরবরাহ করা হবে। নিয়মিত মূল্য সমন্বয়ের অংশ হিসেবেই বিইআরসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে জেট ফুয়েলের দাম কমলেও সাধারণ যাত্রীদের জন্য বিমান ভাড়া তাৎক্ষণিকভাবে কমবে কি না, সে বিষয়ে এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।