মে ২৩, ২০২৬, ০৮:৫০ পিএম
প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শনিবার বিকেলে সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই উড়োজাহাজের জ্বালানি খরচ কমবে।
শনিবার রাত ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।নতুন মূল্যহার অনুযায়ী এখন থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েল কিনতে হবে ১৬৫ টাকা ৮৮ পয়সায়।
আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার এভিয়েশন ফুয়েলের দাম পড়বে ১ দশমিক ০৩৮৫ ডলার। এর আগে গত ৭ মে দেশে সর্বশেষ জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়েছিল। তখন অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক রুটে তা ছিল ১ দশমিক ৩৩৮৫ ডলার।
আন্তর্জাতিক বাজারে জেট এ-১ বা এভিয়েশন ফুয়েলের মূল্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ৫ থেকে ২১ মে পর্যন্ত আন্তর্জাতিক বাজার মূল্য ও প্ল্যাটস রেটের গড় বিবেচনা করে বিইআরসি আইন ২০০৩-এর আওতায় নতুন এই মূল্যহার সমন্বয় করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন