মে ৮, ২০২৬, ১০:২৯ পিএম
অভিবাসীদের অধিকার সুরক্ষার পাশাপাশি অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় হ্রাস এবং ন্যায্য মজুরি নিশ্চিতকরণে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের (আইএমআরএফ) সাধারণ বিতর্কে এই আহ্বান জানানো হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ফোরামের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন। তিনি অভিবাসীদের জবাবদিহিতা জোরদার করা এবং ন্যায়বিচারে তাদের প্রবেশাধিকার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী জানান, বাংলাদেশ একটি ‘হোল অব গভর্নমেন্ট অ্যান্ড হোল অব সোসাইটি’ পদ্ধতির মাধ্যমে এই প্রক্রিয়াগুলো বাস্তবায়নে কাজ করছে।নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ইতিমধ্যে গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নের অংশ হিসেবে মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্স গঠন করেছে।
এর পাশাপাশি ২০২৬-২০৩০ মেয়াদের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী বিশ্ব নেতাদের অবহিত করেন।আরিফুল হক চৌধুরী জানান, প্রথম আইএমআরএফে দেওয়া ১০টি অঙ্গীকারের মধ্যে বাংলাদেশ ইতোমধ্যে সাতটি বাস্তবায়ন করেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ছয়টি নতুন অঙ্গীকার জমা দিয়েছে এবং দুটি আঞ্চলিক উদ্যোগে সরাসরি যুক্ত হয়েছে।
বক্তব্যের শেষ দিকে মন্ত্রী জলবায়ু পরিবর্তনকে অভিবাসনের একটি ক্রমবর্ধমান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নির্ভরযোগ্য অর্থায়ন ও কারিগরি সহায়তার জোর দাবি জানান। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে নিরাপদ অভিবাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন